প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। যুক্তরাজ্যে অবস্থানরত এই সাবেক মেয়রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
রাজনৈতিক পালাবদলের পর গত বছর আনোয়ারুজ্জামান চুপচাপ থাকলেও, পরে তিনি হঠাৎ ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং দলের পক্ষে নানা বক্তব্য দেন। তখন জানা যায়, তিনি লন্ডনে অবস্থান করছেন। এই ঘটনায় তখন বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় সিলেটসহ দেশজুড়ে।
তবে শুধু আনোয়ারুজ্জামান নন, আরও ১৩ জনের বিদেশ গমনের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তারা সবাই একটি দুর্নীতির মামলার তদন্তাধীন আসামি।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান
তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান
সার্ভ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক সারওয়াত সুলতানা মনামী
ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম
আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম সারোয়ার
সাবেক পরিচালক রাবেয়া জামালী
এ আর এম নাজমুস সাকিব
কামরুন নাহার আহমেদ
মো. জাফর ইকবাল
সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনুদ্দিন
মো. নুরুল হাসনাত
বেক্সিমকো গ্রুপের ডেপুটি ম্যানেজার কৌশিক কান্তি পণ্ডিত
দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত এই আবেদন করেন। আবেদনে বলা হয়, আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক প্রতিষ্ঠান সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিরুদ্ধে ঋণের নামে ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, এই ১৩ আসামি যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, যা তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে। এজন্য তদন্তের স্বার্থেই তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























