প্রকাশ: ৯ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের দমদম কারাগারে প্রায় ১৮ মাস বন্দী থাকা সাতক্ষীরার আশরাফ হোসেন (৪৮) মারা গেছেন। তার পরিবার দাবি করেছে, অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা ও যোগাযোগের অভাবের কারণে তার মৃত্যু হয়েছে। তারা মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম কারাগারে বন্দী ছিলেন আশরাফ হোসেন, যিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা। গত ৬ মার্চ রাতে কারাগারে অসুস্থ হয়ে তিনি মারা যান। পরিবারের সদস্যরা জানায়, প্রায় ১৮ মাস আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয় এবং তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। অসুস্থ হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেননি, এবং ৭ মার্চ তারা তার মৃত্যুর খবর পান।
মৃতের স্ত্রী, মোছা. নাছিমা বেগম বলেন, “ঠিকমতো চিকিৎসা না করানোই তার মৃত্যুর কারণ। এখন আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সাহায্য চাই।”
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন, খবর পেয়ে আশরাফের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সুব্রত কুমার।
স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আশরাফের পরিবারে তার স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।
ইউএনও মোছা. রনী খাতুন বলেন, “কৈখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম কারাগার থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারকে সহায়তা দেয়া হয়েছে, প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























