প্রকাশ: ১২ মে ২০২৫, ০৫:৩৪ পিএম

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আগামী ২১ মে থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে সাতদিনের বিশেষ ট্রেন টিকিট বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, এবারও সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।
টিকিট বিক্রির সময়সূচি:
২১ মে: ৩১ মে’র টিকিট
২২ মে: ১ জুন
২৩ মে: ২ জুন
২৪ মে: ৩ জুন
২৫ মে: ৪ জুন
২৬ মে: ৫ জুন
২৭ মে: ৬ জুন
পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট বিকেল ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।
ছয়দিন বন্ধ থাকবে পণ্যবাহী যানবাহন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৪, ৫, ৬ জুন এবং ঈদের পর ১২, ১৩, ১৪ জুন ট্রাক, কভার্ড ভ্যান ও লরির চলাচল বন্ধ থাকবে। তবে গরুবাহী, পচনশীল পণ্য এবং রপ্তানিমুখী মালবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ, নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতিও চলছে
রেলওয়ে ও সড়কপথে যাতায়াতের চাপ সামাল দিতে সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ঈদের সময় বিদ্যুতের চাহিদা কমবে বলে জানানো হয়েছে এবং প্রয়োজনে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র চালু রাখা হবে।
এছাড়া, কোরবানির পশুর হাট এবং গরুবাহী যান চলাচল নিরাপদ রাখতে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হচ্ছে। পশু বিক্রির অর্থ যেন নিরাপদে বহন করা যায়, সে বিষয়েও সতর্কতা নেওয়া হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























