প্রকাশ: ১০ মে ২০২৫, ০৪:২৮ পিএম

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও বিরোধী দলগুলোর আন্দোলনের প্রেক্ষাপটে আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে ঠিক কোন ইস্যু নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৈঠকের সময় ও স্থান সম্পর্কেও গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।
বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চলমান আন্দোলন এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে আজকের বৈঠকে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় সরকারের শীর্ষ পর্যায়ে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এতে একাধিক স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ ও বেশ কিছু গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।
বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের পরবর্তী করণীয় নির্ধারণ করতেই আজকের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























