প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৩২ এএম

সিলেটে গানে গানে শ্রদ্ধা জানানো হলো তিন সাংস্কৃতিক কিংবদন্তিকে
উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদ সিলেটের আয়োজনে ১১ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় চৌহাট্টার সিংহবাড়িতে অনুষ্ঠিত হলো “গানে গানে স্মরণ” শীর্ষক এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা। সদ্যপ্রয়াত তিন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব—ড. সঞ্জীদা খাতুন, সুষমা দাশ ও পাপিয়া সারোয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয় এই স্মরণসভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সঞ্জয় কুমার নাথ ও আবৃত্তিশিল্পী শাশ্বতী ঘোষ সোমা। শুরুতেই এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াত গুণীজনদের প্রতি। ফুলের পাপড়ি ছড়িয়ে তাঁদের স্মরণ করেন উপস্থিত অতিথিরা।
স্মরণসভার সংগীতপর্বে অংশ নেয় সিলেটের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন—আনন্দলোক, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও গীত বিতান। সমবেত সংগীতের পাশাপাশি একক পরিবেশনায় অংশ নেন হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, প্রতীক এন্দ টনি, অনিমেষ বিজয় চৌধুরী, প্রদীপ দে, প্রভাতী সিংহ মজুমদার দেবী, পরমা সিংহ মজুমদার পূজা ও সুদীপ্তা পাল শাওলী প্রমুখ।
আবৃত্তি পরিবেশন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, জ্যোতি ভট্টাচার্য্য ও সুকান্ত গুপ্ত। বাঁশীতে সংগত দেন বেতার শিল্পী মোঃ কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্টজনদের মধ্যে ড. আবুল ফতেহ ফাত্তাহ, এ.ইউ শহীদুল ইসলাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব ও রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী প্রমুখ।
জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সম্পাদনায় প্রকাশিত ‘গানে গানে স্মরণ’ শীর্ষক একটি স্মরণিকা অনুষ্ঠানে বিতরণ করা হয়। চা-চক্রের মধ্য দিয়ে সমাপ্ত হয় হৃদয়ছোঁয়া এই শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























