প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম

গ্রীষ্মের উত্তাপ শুধু শরীরেই প্রভাব ফেলে না, এর সরাসরি প্রভাব পড়ে আমাদের চোখেও। প্রচণ্ড রোদ, ধুলাবালি আর দূষণের কারণে এ সময় চোখে দেখা দিতে পারে নানাবিধ সমস্যা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ এ কে আজাদ জানালেন, গরমের সময়ে চোখের কিছু সাধারণ কিন্তু উপেক্ষিত সমস্যা কীভাবে বড় রোগে রূপ নিতে পারে।
গরমকালে চোখে যেসব সমস্যা বেশি হয়:
১. ড্রাই আই (চোখের শুষ্কতা):
তীব্র তাপ আর রোদের কারণে চোখের প্রাকৃতিক আর্দ্রতা কমে যায়। ফলে চোখ শুষ্ক ও অস্বস্তিকর হয়ে পড়ে।
২. অতিরিক্ত পানি পড়া:
তাপমাত্রা বেড়ে গেলে চোখের স্নায়ু প্রভাবিত হয়, যার ফলে অনবরত পানি পড়তে শুরু করে।
৩. চোখে অ্যালার্জি:
ধুলোবালি, পরাগ ও দূষণের ফলে চোখে চুলকানি, লালভাব ও জ্বালাপোড়া দেখা দেয়। বিশেষ করে যাদের এলার্জি আছে, তারা বেশি ভোগেন।
৪. চোখের অঞ্জলি (স্টাই):
চোখের পাতায় ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ফুলে যাওয়া, ব্যথা ও লালভাব দেখা দিতে পারে।
৫. চোখ লাল হওয়া:
গ্রীষ্মের উত্তাপে রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে চোখ লাল হয়ে যেতে পারে।
৬. জ্বালা ও খিচুনি:
চোখে যেন কিছু আটকে আছে এমন অনুভূতি, সঙ্গে জ্বালাপোড়া—এগুলো গরমের কারণে চোখের সাধারণ প্রতিক্রিয়া।
৭. চোখে চুলকানি:
বাতাসে থাকা ফুলের পরাগ বা ধুলাবালি চোখে ঢুকে তীব্র চুলকানি সৃষ্টি করতে পারে।
৮. আলোর প্রতি সংবেদনশীলতা:
উজ্জ্বল রোদে অনেক সময় চোখ খোলা রাখা কঠিন হয়ে পড়ে। এটি চোখের আলো সহ্য করার ক্ষমতা কমিয়ে দেয়।
৯. ঝাপসা দেখা:
চোখ শুষ্ক হলে সাময়িকভাবে দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে।
১০. চোখের ক্লান্তি:
ধুলোবালি, তাপ আর দূষণের কারণে চোখে দ্রুত ক্লান্তি আসে, যা মাথাব্যথাও সৃষ্টি করতে পারে।
১১. চোখে স্ট্রোক:
চরম গরমে পানিশূন্যতা, ঘুমের ঘাটতি এবং উচ্চ রক্তচাপ মিলে চোখে রেটিনাল স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে।
গরমে চোখের যত্নে কী করবেন?
✅ বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করুন
✅ ছাতা বা ক্যাপ ব্যবহার করুন
✅ চোখে তাপ ও এসির সরাসরি বাতাস পড়া এড়ান
✅ প্রচুর পানি পান করুন
✅ প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুমান
✅ চোখ পরিষ্কার রাখুন
✅ ডায়েটে রাখুন শাকসবজি ও ফলমূল
চোখ শরীরের অত্যন্ত স্পর্শকাতর একটি অঙ্গ। তাই সামান্য অবহেলাও বড় বিপদের কারণ হতে পারে। গরমে সতর্ক থাকুন, চোখকে দিন বাড়তি যত্ন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























