প্রকাশ: ৭ মে ২০২৫, ১২:০০ পিএম

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ চীনের, শান্ত থাকার আহ্বান
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারতের সামরিক অভিযানের খবরে উদ্বেগ প্রকাশ করেছে চীন। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর হতাশা জানিয়ে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে বলেন, “চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নেয়। তবে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান—যাদের আলাদা করা যায় না—তাদের মধ্যে যে সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা উদ্বেগজনক।”
চীনের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে ভারতের সামরিক হামলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এবং এতে গোটা অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।
চীনের পক্ষ থেকে আরও বলা হয়, ভারত ও পাকিস্তানকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। বরং দুই দেশের উচিত সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করে সমস্যা সমাধানের চেষ্টা করা।
বেইজিংয়ের মতে, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সংবেদনশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, যেকোনো সামরিক উত্তেজনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
উল্লেখ্য, পাকিস্তান অভিযোগ করেছে—সম্প্রতি ভারতের পক্ষ থেকে সীমান্ত অতিক্রম করে তাদের ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























