প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৫৭ পিএম

আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় যুক্তরাজ্যজুড়ে আবারও পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে জাতীয় জরুরি সতর্কবার্তা (Emergency Alert) সিস্টেম। এ পরীক্ষার সময় ফোর-জি ও ফাইভ-জি নেটওয়ার্কে যুক্ত কোটি কোটি মোবাইল ফোনে একটি সাইরেন বাজবে এবং ফোন কাঁপতে শুরু করবে। সাইরেনটি সর্বোচ্চ ১০ সেকেন্ড স্থায়ী হতে পারে।
এই বার্তার জন্য ফোন ব্যবহারকারীদের কোনো কিছু করার প্রয়োজন নেই—শুধু বার্তাটি সোয়াইপ করে মুছে ফেললেই যথেষ্ট হবে।
ডাচি অব ল্যাঙ্কাস্টারের চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন জানান, এই প্রযুক্তি জরুরি মুহূর্তে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, “যেভাবে আপনার বাড়ির ফায়ার অ্যালার্ম সবসময় প্রস্তুত থাকে, ঠিক তেমনই এই সতর্কবার্তা ব্যবস্থাও বিপদের সময় আপনাকে সজাগ করবে।”
গত কয়েক বছরে এই সিস্টেমের কার্যকারিতা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। স্টর্ম দারাহ ও স্টর্ম ইওউইনের সময় এই বার্তার মাধ্যমে লাখো মানুষকে দ্রুত সতর্ক করা হয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্লাইমাউথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা উদ্ধারের সময় এই ব্যবস্থার মাধ্যমে ১০ হাজার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
২০২৩ সালের এপ্রিল মাসে প্রথমবার এই জাতীয় সিস্টেম পরীক্ষিত হয়। এরপর থেকে এখন পর্যন্ত পাঁচটি সতর্কবার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ছিল ২০২৫ সালের জানুয়ারিতে, স্টর্ম ইওউইন চলাকালে, যখন স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে ৪.৫ মিলিয়ন মানুষকে সতর্ক করা হয়।
পরীক্ষার আগে সরকার সচেতনতামূলক প্রচার চালাচ্ছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, যেমন—গার্হস্থ্য সহিংসতার শিকার ব্যক্তিদের উদ্দেশে আলাদা তথ্য সরবরাহ করা হচ্ছে। এবার প্রথমবারের মতো ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজে একটি সরকারি তথ্য ভিডিওও প্রকাশ করা হয়েছে, যাতে সবাই পরীক্ষার বিষয়টি বুঝতে পারেন।
সূত্র: দ্য মিরর
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























