প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম

ব্রিটেনের পার্লামেন্টের ৬০ জন সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে লেখা এক চিঠিতে তারা এ দাবি তোলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ সম্প্রতি বলেন, গাজার সব বাসিন্দাকে রাফার ধ্বংসস্তূপে একটি শিবিরে পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটিশ এমপিরা বলেন, গাজায় জাতিগত নিধন চলছে।
চিঠিটি ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট’ সংগঠনের উদ্যোগে তৈরি হয়। এতে লেবার পার্টির দুই যুগ্ম সভাপতি সারা ওয়েন ও অ্যান্ড্রু প্যাকেসসহ ৫৯ জন এমপি স্বাক্ষর করেন। এটি এ বিষয়ে লেবার পার্টির দ্বিতীয় আনুষ্ঠানিক উদ্যোগ হলেও, এবারই প্রথম তারা প্রকাশ্যে নাম প্রকাশ করেছেন।
চিঠিতে পাঁচটি মূল দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
গাজার বেসামরিক জনগণকে রাফায় স্থানান্তরের পরিকল্পনা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি,
ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া,
পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা,
হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রচেষ্টা,
এবং ইউএনআরডব্লিউএ-কে সহায়তা অব্যাহত রাখা।
এমপিরা কাতজের ঘোষণাকে ‘মানবতাবিরোধী অপরাধের কার্যকর পরিকল্পনা’ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, গাজাবাসীর বিরুদ্ধে যা হচ্ছে তা ‘জাতিগত নির্মূলকরণ’।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মানব জীবনের মূল্য দিতে হবে এবং দ্বিচারিতার অবসান ঘটাতে হবে। শান্তির পথে রাজনৈতিক সমাধানই একমাত্র উপায়।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























