প্রকাশ: ২ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম

একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো লিঙ্গ-সমালোচনামূলক (gender-critical) শিক্ষাবিদদের যথাযথভাবে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এসব শিক্ষাবিদ গবেষণার জন্য হুমকি, হয়রানি ও পেশাগত বাধার মুখে পড়ছেন।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক অ্যালিস সুলিভান প্রতিবেদনের লেখক। তিনি বলেন, “যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগত স্বাধীনতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।” তাঁর মতে, গবেষকরা শুধুমাত্র জৈবিক লিঙ্গের গুরুত্ব তুলে ধরার কারণে ভয়ভীতি ও বর্জনের শিকার হচ্ছেন।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, স্বাধীনতা-দমনকারী হয়রানিতে জড়িত শিক্ষার্থী বা কর্মীদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি, আগস্টে কার্যকর হওয়া ইংল্যান্ডের উচ্চশিক্ষা (বাকস্বাধীনতা) আইন গবেষকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়েছে। অন্যান্য অংশেও একই ধরনের আইন প্রবর্তনের আহ্বান জানানো হয়েছে।
সুলিভান তার পূর্ববর্তী গবেষণায় লিঙ্গ সংক্রান্ত গবেষণায় প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন। সর্বশেষ প্রতিবেদনের জন্য ১৪০টি মতামত সংগ্রহ করা হয়, যার বেশিরভাগই লিঙ্গ-সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির পক্ষে।
তিনি বলেন, অতিরিক্ত আমলাতন্ত্র, অনিরাপদ চাকরি কাঠামো এবং ব্যবস্থাপনার অতিরিক্ত হস্তক্ষেপ শিক্ষাবিদদের গবেষণায় স্বাধীনতা হ্রাস করছে। এসব কারণে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকেরা পরিচালন ব্যবস্থায় খুব কমই অংশ নিতে পারেন। শিক্ষার্থীদের ভিন্নমতকে হুমকি নয়, বরং বুদ্ধিবৃত্তিক বিকাশের সুযোগ হিসেবে দেখতে শেখানো উচিত।
উল্লেখযোগ্যভাবে, অধ্যাপক ক্যাথলিন স্টক সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে তার লিঙ্গ-সমালোচনামূলক মতামতের কারণে চাপের মুখে পদত্যাগ করেন। তিনি তিন বছরের নির্যাতনের অভিজ্ঞতা ও প্রতিবাদের চিত্র প্রতিবেদনটিতে তুলে ধরেছেন।
এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, “আমরা শিক্ষাগত ও বাক স্বাধীনতা সুরক্ষায় শক্ত পদক্ষেপ নিচ্ছি।” বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা, তবে সেটি যেন কাউকে ভয়ভীতির মুখে না ফেলে।
ইউনিভার্সিটিজ ইউকে-এর মুখপাত্র বলেছেন, বিতর্কিত বিষয়েও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব। প্রতিবেদনটি তারা গুরুত্ব সহকারে পর্যালোচনা করবেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























