আন্তর্জাতিক

ইরানের পাল্টা হামলায় ইসরাইলে ৩ জন নিহত, আহত ৮০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০২:৩১ পিএম

ইরানের পাল্টা হামলায় ইসরাইলে ৩ জন নিহত, আহত ৮০

ইসরাইলে ইরানের পাল্টা হামলায় অন্তত তিনজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইরান এই হামলা চালায়।

বার্তা সংস্থা এপির বরাতে জানা গেছে, ইসরাইলের পরমাণু ও সামরিক স্থাপনায় আঘাত হানার প্রতিক্রিয়ায় ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইসরাইলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে যান।

টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, মধ্য ইসরাইলের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে, এতে তিনজন প্রাণ হারান। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আইডিএফ আরও জানায়, হামলায় প্রায় ৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত কিংবা মানসিকভাবে বিপর্যস্ত। ইসরাইলি জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে।

ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে, শুক্রবার গভীর রাতে তারা প্রথম দফায় শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আইডিএফ জানায়, চারটি পৃথক দফায় এই হামলা হয়েছে এবং প্রতিটি দফায় বহু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে তারা নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

ইসরাইলি গণমাধ্যমগুলোর মতে, মধ্য ইসরাইল এবং তেল আবিব অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কিছু জায়গায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

আইডিএফের তথ্যমতে, তেল আবিবের একটি ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হোম ফ্রন্ট কমান্ডের সদস্যরা সেখান থেকে একজন বেসামরিক নাগরিককে উদ্ধার করেন।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, এই প্রতিরক্ষা প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ইসরাইলকে সহায়তা করেছে। এএফপিকে তিনি বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি, ইরানের হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ইসরাইলকে সহযোগিতা করছে।” তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে, শুক্রবার ইসরাইল ইরানের একটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি দাবি করেন, এসব হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন।

ইসরাইল দাবি করছে, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি পৌঁছাতে না পারে, সেজন্যই এই হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হামলার আগ পর্যন্ত তেহরান সরাসরি পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রমে সক্রিয় ছিল না।

প্রতিবাদে ইরান প্রথমে ড্রোন হামলা চালায় এবং পরে ইসরাইলের অভ্যন্তরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা প্রতিক্রিয়া জানায়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাষ্ট্রে মূল্যবান পণ্য পাঠানো বন্ধ করলো ডিএইচএল এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রে মূল্যবান পণ্য পাঠানো বন্ধ করলো ডিএইচএল এক্সপ্রেস

ওয়েলসের স্কুলে ছুরিকাঘাত: ১৫ বছরের কারাদণ্ড ১৩ বছর বয়সী ছাত্রীর

ওয়েলসের স্কুলে ছুরিকাঘাত: ১৫ বছরের কারাদণ্ড ১৩ বছর বয়সী ছাত্রীর

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে £২৬ জরিমানা

যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে £২৬ জরিমানা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন