প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ এএম

ঢামেকে গভীর রাতে দুই গ্রুপের সংঘর্ষ, আতঙ্কে রোগী-স্বজনরা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে গভীর রাতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও সংঘর্ষে হাসপাতালের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত ছিল না বলে দাবি করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারামারির সময় উচ্চ স্বরে চিৎকার-চেঁচামেচি চলছিল, যা হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে দেয়।
হাসপাতালের কিছু সূত্র জানিয়েছে, সংঘর্ষে জড়িতরা ‘বাইরের লোক’ হলেও তাদের সম্পর্ক থাকতে পারে একটি আইসিইউ সিন্ডিকেটের সঙ্গে। অভিযোগ উঠেছে, কিছু চক্র রাতে হাসপাতালে ঘুরে বেড়িয়ে রোগীদের প্রলোভনে ফেলে অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করায়, যার বিনিময়ে তারা অর্থ গ্রহণ করে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত আনসার প্লাটুন কমান্ডার সেলিম জানান, ছয় থেকে সাতজন ব্যক্তি জড়িত ছিল এ ঘটনায়। তাদের দ্রুত হাসপাতাল এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে কাউকে শনাক্ত করা যায়নি।
পুলিশ ক্যাম্পের ইনস্পেক্টর মো. ফারুক জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছলেও পুলিশ কাউকেই পায়নি। তারা আগেই পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জড়িতরা হাসপাতালের বাইরের লোক।
রাত প্রায় সোয়া একটার দিকে এক পক্ষ আবারও লাঠিসোঁটা নিয়ে হাসপাতাল চত্বরে ফিরে আসে, তবে তারা কিছুক্ষণ পরই সরে যায়।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























