প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পিএম

সম্প্রতি কিছুটা কমে যাওয়ার পর, বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে স্বর্ণের দাম। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বেড়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) একটি আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩,১২৯.৩৩ ডলারে। একই দিনে ফিউচার মার্কেটে এর দাম ২.২ শতাংশ বেড়ে ৩,১৪৫.৮০ ডলারে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যদিও ৭৫টিরও বেশি দেশের জন্য নতুন শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে, তবুও এই পদক্ষেপ বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। ট্রাম্প জানান, বিশ্ববাজারে চীনের ‘অপেশাদার আচরণের’ জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেলে এবং সুদের হার হ্রাস পেলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। ম্যারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ারের পূর্বাভাস অনুযায়ী, এই মাসের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৩,২০০ ডলারে পৌঁছাতে পারে।
এদিকে, রুপার দামও কিছুটা বেড়েছে—প্রতি আউন্স স্পট সিলভারের দাম ৩১.২১ ডলার। তবে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম কিছুটা হ্রাস পেয়েছে, যা যথাক্রমে ৯৩৫.৫৪ ডলার এবং ৯২২ ডলারে নেমে এসেছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























