অর্থনীতি

উদয়া রেস্তোরাঁর লাইসেন্স ৩ মাসের জন্য স্থগিত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৫, ০৫:১৫ পিএম

উদয়া রেস্তোরাঁর লাইসেন্স ৩ মাসের জন্য স্থগিত

পূর্ব লন্ডনের ইস্ট হ্যামে অবস্থিত জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ উদয়াকে তিন মাসের জন্য লাইসেন্স হারাতে হয়েছে। যুক্তরাজ্যের হোম অফিসের তদন্তে উঠে এসেছে যে, রেস্তোরাঁটি কর্মীদের ন্যূনতম মজুরির নিচে বেতন দিচ্ছিল এবং অবৈধ অভিবাসীদের নিয়োগ দিচ্ছিল কাজের জন্য।

গত জুন মাসে কাথেরিন রোডের ওই রেস্তোরাঁতে হোম অফিসের কর্মকর্তারা অভিযান চালান। সেসময় দেখা যায়, সাতজন কর্মীর মধ্যে চারজন অবৈধভাবে কাজ করছিলেন। এছাড়া কিছু কর্মী অভিযোগ করেন, তারা ন্যূনতম মজুরির অনেক কম বেতন পান, এবং তার বিনিময়ে শুধু খাবার ও থাকার ব্যবস্থা দেওয়া হয়।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও উদয়া রেস্তোরাঁ একই ধরনের অভিযোগে জড়িয়েছিল। ২০২৪ সালের জুনে, প্রতিষ্ঠানটিকে £১,৮০,০০০ জরিমানা দিতে হয়েছিল, যা ব্যবসার ওপর বড় চাপ সৃষ্টি করে।

সবশেষ ১১ আগস্ট নিউহ্যাম কাউন্সিলের লাইসেন্সিং সাব-কমিটিতে রেস্তোরাঁটির লাইসেন্স বিষয়ে শুনানি হয়। লাইসেন্সধারী পরজীশ কুমার দাবি করেন, তিনি অত্যন্ত ব্যস্ত থাকায় যথেষ্ট সময় দিতে পারেননি এবং কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়াও সম্ভব হয়নি। তিনি ভবিষ্যতে ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ও আরও সময় দেওয়ার প্রতিশ্রুতি দেন।

লেবার পার্টির এমপি স্টিফেন টিমস কমিটিকে লেখা এক চিঠিতে কুমারের পক্ষে সাফাই গেয়ে বলেন, তিনি পুরো দায় স্বীকার করেছেন এবং তদন্তে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছেন। এমপির ভাষায়, এটি মালিকপক্ষের “প্রথম অপরাধ”, এবং তা ইচ্ছাকৃত ছিল না

তবে কমিটি ভিন্ন অবস্থানে ছিল। তাদের মতে, মালিক এবং সুপারভাইজার কেউই লাইসেন্স সংক্রান্ত নিয়ম-কানুন সম্পর্কে সচেতন ছিলেন না, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই রেস্তোরাঁটির লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে, পাশাপাশি নতুন কঠোর শর্ত আরোপ এবং বর্তমান সুপারভাইজারকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে চালু হওয়া উদয়া রেস্তোরাঁ কেরালান খাবারের জন্য সুপরিচিত এবং সাম্প্রতিক বছরগুলোতে টিকটক ফুড ইনফ্লুয়েন্সারদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক শাস্তি প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: দ্য স্ট্যান্ডার্ড

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতি থেকে আরো

পচা মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

পচা মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

কমেছে চালের দাম

কমেছে চালের দাম

আবারও কমল এলপিজি ও অটোগ্যাসের দাম

আবারও কমল এলপিজি ও অটোগ্যাসের দাম

ব্রিটেনে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র রাষ্ট্রীয় মালিকানার আওতায় আনার দাবি

ব্রিটেনে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র রাষ্ট্রীয় মালিকানার আওতায় আনার দাবি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন