প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ২ হাজার ৮৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ১২৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার পর থেকেই নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। এবারই প্রথম ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে থাকবে বডি-অর্ন ক্যামেরা।
জানা গেছে, সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সিলেট জেলার ৬টি আসনে রয়েছে ১ হাজার ১৬টি ভোটকেন্দ্র, সুনামগঞ্জের ৫টি আসনে ৬৬৪টি, হবিগঞ্জের ৪টি আসনে ৬৪৭টি এবং মৌলভীবাজারের ৪টি আসনে ৫৫৪টি কেন্দ্র। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে সিলেট জেলায় ২১৭টি, সুনামগঞ্জে ৪৫১টি, হবিগঞ্জে ২৩৫টি এবং মৌলভীবাজারে ২২৩টি কেন্দ্র।
সিলেট জেলা
সিলেট জেলার ৬টি আসনের ১ হাজার ১৬টি কেন্দ্রের মধ্যে ২১৭টি ঝুঁকিপূর্ণ। বিভিন্ন উপজেলার মধ্যে গোয়াইনঘাটে ৪৬টি, কানাইঘাটে ৫০টি, সিলেট সদর উপজেলায় ৪৫টি এবং নগরীতে ৯৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সব কেন্দ্রেই পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জের পাঁচটি আসনের ৬৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১টি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। এর মধ্যে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯টি এবং দুর্গম কেন্দ্র ১৫৭টি। অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি ও মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
হবিগঞ্জ জেলা
হবিগঞ্জের চারটি আসনের ৬৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৫টি ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ১০৩টি অতিঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে শক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
মৌলভীবাজার জেলা
মৌলভীবাজারের চারটি আসনের ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৩টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৮০টি কেন্দ্র। এসব কেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার কার্যালয়।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিলেট বিভাগের সব ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরার আওতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মোবাইল টিম ও বিশেষ নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























